বিপ্লব বিপ্রদাস/ কবিতা

বিপ্লব বিপ্রদাস
১. আঙ্গুল
অজান্তেই আমার আঙ্গুল গুলো কথা বলে একে-অপরের সাথে । কথপোকথন আমাকে বিপন্ন করে ফেলে । ফলে, প্রায়শই তাদেরকে ঢেকে ঢুকে পথ চলি । তথাপি গ্লাভসের ফুটোর ভেতর থেকে তারা মাথা বের করে বলে ওঠে "বিপ্লব দীর্ঘজীবি হোক"।

বিপ্লব যেহেতু আমার নাম তাই ভ্রমকাজ করে-

এই ভাবে তাহাদের আস্ফালনে দিন যায়-রাত যায়। যেহেতু ওগুলো আমার আঙ্গুল, আমার অধীনত প্রজা। আমার বয়সী হাতের সাথে সে রয়ে যায় দস্তানার সীমানায় গর্বিত কর্ম মুখর প্রতাহে
গ্লাভসের আস্তরে অভ্যন্তরে সে অভ্যস্ত হাতে থাকবে-

আঙ্গুল, তোমার স্বাধীনতা আমার অধীন।


২.পোর্ট্রেট
তোমাকে আঁকবো রেখায় -মৃদু ও গভীর দাগে হ্রস্ব ও দী‍র্ঘ টানে, তোমার ভিতরের ক্রোধ-অভিপ্রায় সমস্ত আঁকবো একদিন।... এই উৎপন্ন বোধ আমাকে নিমজ্জিত রাখে সংকল্প-অজুহাতে।

তোমার সমস্ত স্তর আমি এঁকে নেব কৌশলী চিত্র বুননে। যেহেতু অঙ্কিত হতে হতে তুমি খুলে দেবে সিন্ধুক। প্রচ্ছন্নে তোমার খোলস থেকে অসংখ্য তুমি নেমে আসবে ক্রমে।

আমি তোমাকে আঁকবো গভীর রেখায়। তোমার ভেতরে তুমি জেগে উঠে যখনি গাইবে বিলাপের স্বর- আমি এঁকে নেব বিবসন বালিকার সরলতা- এই ভাবে অঙ্কিত রেখাচিত্রে দেখা যাবে যে মুখ মগ্ন এক পাললিক পোর্ট্রটে।

যেহেতু আমি আঁকি বিমুর্ত, তোমাকে রেখা সর্বস্বই মনে হতে থাকবে প্রায়শই


৩.শূন্য
আমি আসলে কোথাও ছিলাম না। এমন কী এই সব কথার ভিতরেও না। পাতার আড়ালে, তোমার নিমগ্ন প্রলাপেও না। বুদ্বুদ কিম্বা প্রবাহিত ধ্বনির ভেতরে কেউ আমাকে দেখেনি । অজস্র বালির ভেতর কণা হয়েও কখনো বলিনি আমি এই যে আমি।

এই ভাবে একান্তে প্রভূত জীবনের ছাপচিত্রে ভ্রমে বিভ্রমে মুদ্রিত পৃষ্ঠায় এই যে ভেসে উঠে আমি উঁকি দিয়ে যখনি বললাম দ্যাখো...
ওমনি সমস্ত প্রামান্য চিত্রে হয়ে উঠি রেখা- বিবস্ত্র অক্ষর- অর্থহীন বক্র এক বাক্য।

তোমার মস্তিষ্কে ঢুকে যেন দুর্ভেদ্য দেয়াল হয়ে জেগে উঠি- সংক্রমণে আক্রান্ত প্রজাপতি হয়ে তোমাকে ভাবাই অর্থহীন এক প্রবাহ সংবাদে।
যেহেতু আমি কোথাও ছিলাম না, না চিহ্নে না জলসায় তবু এই রচনার ভেতর থেকে তোমার অবুঝ মন- আমাকে যতটা ছুঁয়ে যাচ্ছ তাতে আর কীভাবে বলি আমি নেই কোথাও!

শূন্যতার ভেতরে জ্বলে আলো- এই তো এখানে আমি,
এই সব বর্ণমালা- প্রণীত পাঠযোগ্য কবিতা

মন্তব্যসমূহ